পাবনার ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েলসহ ছয় যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
বৃহস্পতিবার (২ জুলাই) কেন্দ্রীয় যুবদলের দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েল, ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হোসেন আতিয়ার, আক্তারুজ্জামান রাজু এবং সদস্য মো. মতিয়ার রহমান-এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে চাটমোহর পৌর যুবদলের আহ্বায়ক তানভীর জুয়েল লিপন ও চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেনের বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে।
গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ঈশ্বরদী পৌর, ঈশ্বরদী ও চাটমোহর উপজেলা যুবদলের ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।
কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
শেখ মহসীন এসকেএম/কেজে/এএসএম








