ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) চীনের কমিউনিস্ট পার্টি অব চায়নার প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে ‘গ্রেট জার্নি, শেয়ার্ড ফিউচার’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বুধবার (১ জুলাই ২০২৬) ইউল্যাব ক্যাম্পাসে আয়োজনটি ইউল্যাব, চীনের দূতাবাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটেরর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। একই সঙ্গে অনুষ্ঠানে চীনের লংমার্চ বিজয়ের ৯০তম বার্ষিকীও স্মরণ করা হয়।
দিনব্যাপী আয়োজনে ছিল ফটো ও ভিডিও, বই এবং চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি প্রদর্শনী। এসব আয়োজনে অংশগ্রহণকারীরা চীনের ইতিহাস, রাষ্ট্র পরিচালনা ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করেন। শিক্ষার্থীরা চীনের ঐতিহ্যবাহী ক্যালিগ্রাফি ও পেপার কাটিং শিল্পের প্রদর্শনীও উপভোগ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের সাংস্কৃতিক পরিবেশনা এবং ঐতিহ্যবাহী চীনা বাদ্যযন্ত্র ‘গুঝেং’-এ পরিবেশনা করা হয়।
অনুষ্ঠানে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা বলেন, ‘এই উদ্যাপন শিক্ষা ও সংস্কৃতির পারস্পরিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব, সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক বোঝাপড়া আরও সুদৃঢ় করবে।’
অনুষ্ঠানের সমাপনী পর্বে ‘দ্য স্টোরি অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না’ শীর্ষক বক্তব্য প্রদান করেন চীনা দূতাবাস বাংলাদেশের সংস্কৃতি কাউন্সিলর লি শাওপেং। তিনি কমিউনিস্ট পার্টি অব চায়নার ঐতিহাসিক অবদান, লংমার্চ বিজয়ের তাৎপর্য, চীনের উন্নয়নের যাত্রা, দেশটির সামাজিক ও সাংস্কৃতিক পরিচয় এবং বাংলাদেশ-চীন বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘস্থায়ী সম্পর্ক তুলে ধরেন।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ড. ইয়াং হুই এবং বাংলাদেশে চীনা দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি হুয়াং মউকংসহ চীনা প্রতিনিধি ও সাংস্কৃতিক শিল্পীরা।
ইউল্যাবের পক্ষে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো, বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা ও ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. ফয়জুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।








