দেশে জাহাজ নির্মাণ, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ও জাহাজ ভাঙা শিল্প সংক্রান্ত বিদ্যমান আইন, বিধি, নীতিমালা ও সংশ্লিষ্ট বিষয়াদি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের থেকে কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়।
৭ সদস্যবিশিষ্ট এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী। কমিটির অন্য সদস্যরা হলেন শিল্পমন্ত্রী, নৌপরিবহন প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, অর্থ সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব এবং শিল্প সচিব।
কমিটি দেশের জাহাজ নির্মাণ, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ও জাহাজ ভাঙা শিল্প সংক্রান্ত বিদ্যমান আইন, বিধি, নীতিমালা ও সংশ্লিষ্ট সব বিষয়াদি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করবে। একই সঙ্গে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে তারা।
কমিটি তাদের কাজের সুবিধার্থে ও প্রয়োজনে নতুন যেকোনো সদস্যকে কমিটিতে অন্তর্ভুক্ত করতে পারবে। শিল্প মন্ত্রণালয় এই কমিটিকে সার্বিক সাচিবিক সহায়তা করবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
আরএমএম/জেএইচ








