মিরপুর ১২ নম্বর পূর্ব কুর্মিটোলা ক্যাম্পের জলাবদ্ধতা নিরসন ও ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিহারিরা। সোমবার বিকালে পল্লবী নতুন থানাসংলগ্ন (মিরপুর ডিওএইচএস থেকে কালশীগামী সড়ক) সড়কে তারা এ বিক্ষোভ করেন। আন্দোলনকারী বিহারিরা জানান, গত কয়েক দিনের বৃষ্টির পানিতে তাদের ক্যাম্প ডুবে গেছে। ক্যাম্পের প্রতিটি ঘরে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাদের থাকার জায়গা নেই। কয়েক দিন ধরে তারা খোলা জায়গায় থাকছেন। রাতে তাদের ঘুমাতে হচ্ছে রাস্তায়। এ অবস্থার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন।

পূর্বকুর্মিটোলা ক্যাম্পের প্রায় এক হাজার বিহারি বিকাল সাড়ে ৫টার দিকে পল্লবী থানার দক্ষিণ পাশে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ক্যাম্প থেকে দ্রুত পানি অপসারণ ও ত্রাণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে আন্দোলনকারীরা রাস্তার দুপাশ অবরোধ করে গাড়ি চলাচল বন্ধ করে দেন। এতে মিরপুর ডিওএইচএস থেকে কালশীগামী সড়ক পুরোপুরি বন্ধ হয়ে যায়। পল্লবী থানাসংলগ্ন বিভিন্ন সড়ক এবং কালশী ও ইসিবি সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট । সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ক্যাম্প থেকে জলাবদ্ধতা নিরসন ও ত্রাণের আশ্বাসে বিহারিরা রাস্তা ছেড়ে দেন।

বিহারি নেতা নিয়াজ আহমেদ খান বলেন, ক্যাম্পের ঘরে ঘরে পানি। বিছানা-বালিশসহ ঘরের পানিতে মলমূত্র ভাসছে। কেউ পানি সরানোর উদ্যোগ নেয়নি। আমরা ৪-৫ দিন ধরে মানবেতর জীবনযাপন করছি। অনেকে না খেয়ে আছে। থাকার জায়গা নেই, পেটে খাবার নেই। বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি।

পল্লবী থানার ওসি হাসান বাসির বলেন, ক্যাম্পে পানি ওঠায় বিহারিরা এসে রাস্তা বন্ধ করে দিয়েছিল। জলাবদ্ধতা নিরসন ও ত্রাণের আশ্বাস দেওয়ায় তারা রাস্তা থেকে সরে গেছে।