ব্যতিক্রমী উদ্যোগ জনসম্মুখে বরাদ্দের প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। এছাড়া বরাদ্দগুলো প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে যথাযথ খাতে স্বচ্ছতার সঙ্গে ব্যয় করার নির্দেশও দেন তিনি।

বুধবার (১ জুলাই) রাতে জেলা বিএনপির কার্যালয়ে হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলায় বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মতবিনিময় শেষে তিনি প্রাপ্ত বরাদ্দ জনসম্মুখে প্রকাশ করেন।

এসময় জি কে গউছ বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে মানুষ পরিবর্তন চেয়েছে। অতীতে যারা দুর্নীতি করেছে, স্বজনপ্রীতি করেছে, লুটপাট করেছে, জনগণের টাকা লুটপাট করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে তাদেরকে আর দেখতে চায় না। সে জন্যই মানুষ এবার পরিবর্তনে নতুন কিছু দেখতে চায়। আর মানুষের সে স্বপ্ন পূরণ হবে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করণের মাধ্যমে। এ জন্যই আমরা জনগণের টাকা কিভাবে ব্যয় হয় তা জনসম্মুখে প্রকাশের উদ্যোগ নিয়েছি। এ দেশের প্রতিটি নাগরিকের তা জানার অধিকার রয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে তিনি সদর উপজেলা পরিষদ হলরুমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ মানুষকে অর্থ ও চাল এবং ইউনিয়ন পর্যায়ে মৎস্য প্রযুক্তিসেবা প্রকল্পের আওতায় মৎস্য, ছাগল বিতরণ করেন।

এ সময় ইউনিয়ন পর্যায়ে মৎস্য প্রযুক্তিসেবা প্রকল্পের আওতায় ২৫ জন মৎস্য চাষিকে মাছের পোনা বিতরণ করা হয়। এ ছাড়া ৪ হাজার ৯২৫ জনকে গাছের চারা ও নগদ ১ হাজার টাকা করে দেওয়া হয়।

সংসদ সদস্য নির্বাচিত হয়েই একের পর ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জি কে গউছ। মাত্র ৪ মাস পূর্ণ হয়েছে সরকারের। এ সময় বরাদ্দের সবটুকু জনসম্মুখে প্রকাশ করেন। এ সময়ে যা বরাদ্দ পেয়েছেন তার সব কিছুই সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে দেন। এবার তিনি বরাদ্দপ্রাপ্ত ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের ডেকে সাংবাদিকদের সামনে টাকা তাদের হাতে পৌঁছেছে কিনা তা নিশ্চিত হন।

গত ৪ মাসে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রায় সাড়ে ৬শ’ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান জি কে গউছ। এর মধ্যে বড় প্রকল্প হিসেবে হবিগঞ্জ-লাখাই সড়ক ৪ লেন করণ প্রকল্প। আগামী ২ মাসের মধ্যে এ প্রকল্পের কাজ শুরু হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এনএইচআর/জেআইএম