‘বিশ্বের বিস্ময়’ হেলেন কেলারের ১৪৬তম জন্মবার্ষিকী স্মরণে আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে ‘হেলেন কেলার’ নাটকের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নাট্যসংগঠন স্বপ্নদল। হেলেন কেলারের জীবন, কর্ম, স্বপ্ন, সংগ্রাম, দর্শনভিত্তিক এ নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। এতে একক অভিনয় করছেন জুয়েনা শবনম। দৃষ্টি, বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস ও শিক্ষয়িত্রী অ্যান স্যুলিভানের অতিমানবিক প্রেরণায় হেলেন কেলারের সব নেতিবাচকতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর কাহিনি নিয়ে আবর্তিত এ নাটক। নির্দেশক জানিয়েছেন, এতে হেলেন কেলারের নিজ শিক্ষয়িত্রী অ্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষ্যে প্রকাশিত হয় চার্লি চ্যাপলিন, মার্ক টোয়েন, কেনেডি, আইনস্টাইন প্রমুখ বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের সান্নিধ্যে তার জীবনের সমৃদ্ধির কথা। প্রসঙ্গত, কিংবদন্তি হেলেন কেলার ১৮৮০ সালের ২৭ জুন জন্মগ্রহণ করেন এবং প্রয়াত হন ১৯৬৮ সালের ১ জুন।