২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের চেতনা লালন করতে এবং ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন দিবস উদযাপন উপলক্ষে ১৪ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত নানান কর্মসূচি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।

সোমবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-২০২৪ গণঅভ্যুত্থান উদযাপন কমিটির সুপারিশক্রমে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, এর চেতনা লালন এবং ৫ আগস্ট ফ্যাসিস্ট রেজিমের পতন দিবস উদযাপন উপলক্ষে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৪ জুলাই রাত ৮টায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে জমায়েতের মাধ্যমে স্মৃতি ফলকের উদ্বোধন করা হবে।

১৫ জুলাই ‘কালরাত্রি’ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে উপাচার্য বাসভবনে জমায়েত ও আলোচনা সভা, রাত ১১টায় ডকুমেন্টরি প্রদর্শনী, রাত ১২টায় এক মিনিটের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি পালন এবং রাত ১২টা ১ মিনিটে উপাচার্য বাসভবনে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

ইসলামী বিশ্ববিদ্যালয় / ‘শিবির’ ট্যাগে বিতার্কিককে কমিটি থেকে বাদ দেওয়ার অভিযোগ

এছাড়া ২০ জুলাই রাত ১২টা ১০ মিনিটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া এবং সন্ধ্যা ৭টায় ‘অদম্য জুলাই-২৪’ চত্বরে শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করা হয়েছে।

অন্যদিকে ৫ আগস্ট সকাল ১০টায় ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়ন ও পতন দিবস উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে ছাত্রীদের হল হয়ে ‘অদম্য জুলাই-২৪’ চত্বর পর্যন্ত সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত হবে।

পরদিন ৬ আগস্ট সকাল ১০টা ৩০ মিনিটে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে স্মৃতিচারণ, আলোচনা সভা, ‘জুলাই-২০২৪ অভ্যুত্থানের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ শীর্ষক ডকুমেন্টরি প্রদর্শনী এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে। একই দিন সন্ধ্যা ৭টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

মো. রকিব হাসান প্রান্ত/এনএইচআর