কুড়িগ্রামের রাজারহাটের ছিনাই ইউনিয়নের ভাটিগ্রাম এলাকায় কাঁদামাখা রাস্তায় আটকে যায় একটি বরযাত্রীর বহর। শেষ পর্যন্ত ওই রাস্তা অন্যের কাঁধে চড়ে বিয়ের আসরে পৌঁছালেন বর।

সোমবার (১৩ জুলাই) সেই দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

জানা গেছে, ১০ জুলাই ভাটিগ্রাম এলাকার বাসিন্দা হাবিবুর রহমান কুড়িগ্রাম সদর উপজেলার হরিশ্বর গ্রামে বিয়ে করতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বের হতেই কাঁচা রাস্তার বেহাল চিত্র সামনে আসে। টানা বৃষ্টিতে প্রায় এক কিলোমিটার রাস্তা কাদায় একাকার হয়ে যাওয়ায় কোনো যানবাহন চলাচল করতে পারেনি। রাস্তার যেসব স্থানে কাদা বেশি ছিল, সেখানে অন্যের কাঁধে চড়ে পথ পাড়ি দেন বর। প্রায় এক কিলোমিটার এভাবে যাওয়ার পর একটি মাইক্রোবাসে উঠে কনের বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

স্থানীয়দের অ‌ভিযোগ, সড়কটি দীর্ঘ‌দিন ধরে সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে কয়েকটি গ্রামের হাজারো মানুষের ভোগা‌ন্তিতে পড়তে হচ্ছে।

বরের বন্ধু নাজির হোসেন বলেন, বৃষ্টির কারণে পুরো রাস্তাই কাদায় ভরে গেছে। কোনো যানবাহন চলার সুযোগ ছিল না। তাই বাধ্য হয়ে বন্ধুকে কাঁধে তুলে নিয়ে যেতে হয়েছে। প্রায় এক কিলোমিটার রাস্তার এমন দুরবস্থা দীর্ঘদিনের।

স্থানীয় সংরক্ষিত নারী সদস্য মর্জিনা বেগম বলেন, ভাটিগ্রাম থেকে বৈ‌দ্যের বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে।

এলাকাবাসী দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছেন বলেও জানান তি‌নি।

রোকনুজ্জামান মানু/এনএইচআর/এএসএম