কমলগঞ্জের সদর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে নববিবাহিত স্ত্রীকে জোরপূর্বক তুলে নেওয়া, হামলা, মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছেন আব্দুল কাদির নামে এক যুবক। সোমবার সন্ধ্যায় কমলগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে আব্দুল কাদির এ অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে তিনি জানান, প্রেমের সম্পর্কের পর ২০২৪ সালে নোটারি পাবলিকের মাধ্যমে তানজিনা রহমান সাদিয়াকে বিয়ে করেন। তবে মেয়ের পরিবার বিয়ে মেনে না নেওয়ায় প্রায় ২ মাস আগে তার স্ত্রী স্বেচ্ছায় তার বাড়িতে চলে আসেন। এরপর থেকেই অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগ অনুযায়ী, সোমবার দুপুরে স্ত্রী ও স্বজনদের নিয়ে সিএনজিতে দাওয়াতে যাওয়ার পথে নারায়ণপুর এলাকায় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সিএনজির গতিরোধ করে হামলা চালায়। এতে আব্দুল কাদিরসহ ৫ জন আহত হন। হামলার সময় এক নারীর গলার প্রায় দেড় ভরি ওজনের স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়া এবং তার স্ত্রী তানজিনা রহমান সাদিয়াকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।








