কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় আগামী ফ্যাশন কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম হোসেন (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হওয়া পর হাসপাতালে নিলে সন্ধ্যায় তিনি মারা যান। তিনি রাজশাহীর মোহনপুরের গোপালপুর এলাকার বাসিন্দা। জানা যায়, কারখানায় দায়িত্ব পালনকালে সোমবার বিকালে অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটে। কয়েকজন সহকর্মীর অভিযোগ, কারখানার বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত ছিল না। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করা হলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। ওসি শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ ও কারখানার নিরাপত্তা ব্যবস্থা তদন্ত করে দেখা হবে।