দুই ভোজনরসিক বন্ধু। অতিরিক্ত খাবার খেতে দুজনই ওস্তাদ। কিন্তু একজনের ওজন ক্রমাগত বাড়ে, অন্যজন সব সময় হালকা-পাতলা। বিজ্ঞানীদের ধারণা, বিশেষ কোনো জিনের কারণে এ রকম হতে পারে। এ ধারণার বিজ্ঞানসম্মত ভিত্তি রয়েছে বলে এক গবেষণায় জানা গেছে। ১৭ জুলাই, ২০১৩, সায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছু, হয়তো শ খানেক জিনের প্রভাবে ক্ষুধার হ্রাস-বৃদ্ধি ঘটে বলে প্রমাণ পাওয়া গেছে। তাঁরা গবেষণায় দেখেছেন, মস্তিষ্কে যেসব জিন ক্ষুধা নিয়ন্ত্রণ করে তাদের প্রভাবিত করে MRAP2 নামে পরিচিত একটি জিন। গবেষকেরা ইঁদুরের ওপর গবেষণা চালান। প্রথমে MRAP2 জিনটিকে অপসারণ করে দেখেন যে ওই ইঁদুরের ক্ষুধা ও ওজন অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে। এ থেকে তাঁদের মনে প্রশ্ন দেখা দেয়, একই কারণে বিভিন্নজনের ওজনের তারতম্য হয় কি না।

সাধারণভাবে সবার ধারণা, শরীরের প্রয়োজনের অতিরিক্ত প্রতি ৩৫০০ ক্যালরি খাবার খেলে অন্তত আধা কেজি চর্বি শরীরে জমা হয়

তাঁরা খুব মোটা ৫০০ শিশুর জিন বৈশিষ্ট্য পরীক্ষা করে দেখেছেন, তাদের মধ্যে অন্তত একজনের নির্দিষ্ট জিনটির বিকৃতি ঘটেছে এবং আরও তিনজনের ওই জিন ছিল অকার্যকর। বিজ্ঞানীরা মনে করেন, আরও পরীক্ষার পর হয়তো সিদ্ধান্তে আসা যাবে যে নির্দিষ্ট কোনো জিনের কারণে কেউ বেশি মোটা, কেউ বেশি চিকন হয় কি না। সাধারণভাবে সবার ধারণা, শরীরের প্রয়োজনের অতিরিক্ত প্রতি ৩৫০০ ক্যালরি খাবার খেলে অন্তত আধা কেজি চর্বি শরীরে জমা হয়। কিন্তু বিজ্ঞানীরা মনে করেন, জিনগত নিয়ন্ত্রণের কারণে মানুষ শুধু মোটা বা পাতলাই হয় না, খাওয়ার পর অর্জিত শক্তির কত অংশ চর্বিতে রূপান্তরিত হবে এবং কত অংশ শরীর ব্যবহার করবে বা বের করে দেবে, সেটাও জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়।

কম খাই, তবু ওজন বাড়ে কেন? সমাধান কী?