সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি, বইপড়ার অভ্যাস হারিয়ে যাওয়া এবং পারিবারিক সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত নাটক ‘বই পোকা’। নাটকটিতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, মুনীরা ইউসুফ মেমী, আব্দুল্লাহ রানা, রোজী সিদ্দিকীসহ আরও অনেকে। বিশেষ একটি চরিত্রে দেখা গেছে তারিক আনাম খান-কে।নাটকটির গল্পভাবনা করেছেন আকবর হায়দার মুন্না। চিত্রনাট্য লিখেছেন লিমন আহমেদ এবং নির্মাণ করেছেন তপু খান। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান। তাদের অভিনয় ও পর্দার রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে।ইলেভেন এন্টারটেইনমেন্ট– এর ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশিত হয়। মুক্তির মাত্র চার দিনের মধ্যেই প্রায় ৯ লাখ দর্শক নাটকটি উপভোগ করেন। মন্তব্যের ঘরে দর্শকরা গল্প, সংলাপ, নির্মাণশৈলী এবং অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন।নির্মাতা তপু খান বলেন, ‘বই পোকা’ নাটকের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব এবং বইপড়ার গুরুত্ব তুলে ধরার চেষ্টা করা হয়েছে। শুরু থেকেই তার বিশ্বাস ছিল গল্পটি দর্শকদের ভালো লাগবে। ইতিবাচক সাড়া পেয়ে তিনি আনন্দিত।গল্পকার আকবর হায়দার মুন্নার মতে, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার মানুষের পারিবারিক ও সামাজিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে। একই সঙ্গে বই ও সাহিত্যের প্রতি আগ্রহও কমে যাচ্ছে। সেই বাস্তবতাকেই নাটকের গল্পে ফুটিয়ে তোলা হয়েছে। নাটকটি নিয়ে খায়রুল বাসার বলেন, “এটি একটি ব্যতিক্রমধর্মী গল্পের নাটক। এর সংলাপ ও আবেগ দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।”অন্যদিকে সাদনিমা বিনতে নোমান জানান, ‘বই পোকা’ তার জন্য বিশেষ একটি অভিজ্ঞতা। নাটকের চরিত্রটির প্রতি তার আলাদা ভালোবাসা তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সমসাময়িক সামাজিক বাস্তবতা ও পারিবারিক মূল্যবোধকে কেন্দ্র করে নির্মিত ‘বই পোকা’ দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এবং ঈদের নাটকগুলোর মধ্যে অন্যতম আলোচিত কাজ হিসেবে উঠে এসেছে।