কিশোরগঞ্জের গচিহাটা রেলস্টেশন এলাকায় মাছ ধরার অপেক্ষায় রেললাইনের ওপর ঘুমিয়ে পড়ে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মাসুদ রানা (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার দুপুরে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত মাসুদ রানা গচিহাটা গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। জিআরপি পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে মাসুদ রানার মাছ ধরার একটি জাল চুরি হয়ে যায়। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এবং মানসিকভাবে ভারাক্রান্ত হয়ে পড়েন। পরবর্তীতে অনেক কষ্ট করে নতুন একটি চায়না সূতার জাল কিনে প্রতিদিনের মতো রোববার রাতে রেললাইনের পাশের একটি বিলে জাল পেতে মাছ ওঠানোর অপেক্ষায় ছিলেন। দীর্ঘ সময় পাহারা দিতে গিয়ে একপর্যায়ে রেললাইনের ওপর বসে বিশ্রাম নেওয়ার সময় ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়েন। লালপুরে ট্রেনে কাটা পড়ে আহমদ আলী (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনের পূর্বপ্রান্তে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আহমদ আলী চাটমোহর উপজেলার ইউসুফ আলীর ছেলে। তিনি পেশায় ভ্রাম্যমাণ হকার ছিলেন।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে অসাবধানতাবশত তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।