বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরম্যান্স নিয়ে বিতর্ক যেন থামছেই না। ২০২৬ বিশ্বকাপে পর্তুগিজ মহাতারকার পারফরম্যান্স নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই এবার মুখ খুলেছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। ‘ফেনোমেনন’ খ্যাত এই তারকার মতে, ক্রিশ্চিয়ানোর ইচ্ছা এখনও প্রবল হলেও শরীর আর আগের মতো সাড়া দিচ্ছে না।

ইএসপিএন ব্রাজিলের জনপ্রিয় অনুষ্ঠান রিসেনহা ডু ৯-এ (Resenha do 9) কথা বলতে গিয়ে রোনালদো বলেন,
‘সাধারণত শরীরই একসময় জানিয়ে দেয় যে, আর আগের মতো চলা সম্ভব নয়। আমার মনে হয়, ক্রিশ্চিয়ানো এবং নেইমার- দুজনই সেই পর্যায়ে পৌঁছে গেছে, যেখানে তাদের ইচ্ছা আর শরীরের মধ্যে একটা সমঝোতা তৈরি হয়েছে। শরীরের সঙ্গে এই লড়াই জেতা সত্যিই খুব কঠিন।’

ব্রাজিলের দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন এই কিংবদন্তি মনে করেন, ক্রিশ্চিয়ানোর এখনও সৌদি আরবের লিগে খেলার মতো সামর্থ্য রয়েছে। সেখানে সে সেরা হতে পারে। তবে বিশ্বকাপের মতো সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতায় টিকে থাকা অনেক বেশি কঠিন।

তিনি বলেন, ‘হয়তো তার এখনও সৌদি আরবে খেলার মান আছে। সেখানে সে সেরা হতে পারে; কিন্তু বিশ্বকাপে খেলার বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। সেখানে প্রতিযোগিতার মান অনেক বেশি, আর সেই পর্যায়ে টিকে থাকা অনেক কঠিন।’

নিজের ক্যারিয়ারের উদাহরণ টেনে রোনালদো নাজারিও আরও বলেন, ‘ফুটবলের প্রতি যতই ভালোবাসা থাকুক, যতই সারাজীবন খেলতে চাই না কেন, শেষ পর্যন্ত সিদ্ধান্তটা শরীরই নিয়ে নেয়। আজ আমি ফুটবল খেলি না, কারণ আমার মন এখনও খেলতে চায়, কিন্তু শরীর আর সেই গতিতে সাড়া দেয় না।’

২০২৬ বিশ্বকাপে পর্তুগালের হয়ে খেললেও ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরম্যান্স নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। সেই বিতর্কের মাঝেই ব্রাজিলিয়ান কিংবদন্তির এই মন্তব্য ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আরআর/আইএইচএস/