চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আট শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাদের আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আবাসিক হলে গাঁজা সেবন এবং রাখার দায়ে ওই আট শিক্ষার্থীকে এ শাস্তি দেওয়া হয়। রোববার শৃঙ্খলা কমিটির ৩০৬তম জরুরি সভার সিদ্ধান্তক্রমে কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ হলের ৫২৯নং কক্ষে রাতে হলের সহকারী প্রভোস্টরা অভিযান পরিচালনা করেন। এ সময় কক্ষটিতে ওই শিক্ষার্থীদের মাদকসেবনরত পাওয়া যায়। এছাড়াও কক্ষ তল্লাশি করে মাদকসেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। বহিষ্কৃতদের মধ্যে ২০২১-২২ শিক্ষাবর্ষের যন্ত্রকৌশল বিভাগের দুজন, ২০২২-২৩ শিক্ষাবর্ষের পানিসম্পদ কৌশল বিভাগের চারজন, একই বর্ষের মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল বিভাগের একজন শিক্ষার্থী রয়েছেন।








