রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনার এক বছর পূর্ণ হবে আগামী মঙ্গলবার (২১ জুলাই)। ভয়াবহ ওই ঘটনার মানসিক আতঙ্ক কাটিয়ে শিক্ষার্থীদের জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে গাজীপুরের পুবাইলে অনুষ্ঠিত হলো বিশেষ মানবিক আয়োজন ‘সবুজের মাঝে অমর তোমরা’ (দ্বিতীয় পর্ব)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পুবাইলের ছুটি রিসোর্টে দিনব্যাপী এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়। ছুটি গ্রুপ ও রোটারি ক্লাব অব বনানীর যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল গত বছর ছুটি রিসোর্টে পূর্বাচলে অনুষ্ঠিত ‘হিলিং উইথ ব্রেভ হার্ট স্টুডেন্টস অব মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ’ শীর্ষক প্রথম পর্বেরই ধারাবাহিকতা।

দিনব্যাপী এই আয়োজনের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও একাগ্রতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ মেডিটেশন সেশন অনুষ্ঠিত হয়। মানসিক জড়তা কাটাতে ছুটি রিসোর্টের উন্মুক্ত সবুজ মাঠে শিক্ষার্থীরা আনন্দঘন ফুটবল খেলায় অংশ নেয়, যা তাদের দলীয় চেতনা, আত্মবিশ্বাস ও পারস্পরিক বন্ধন দৃঢ় করতে সহায়তা করে।

পরবর্তীতে শিক্ষার্থীদের ছোট ছোট দলে ভাগ করে বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এর মধ্যে অন্যতম ছিল মনিরা রহমানের তত্ত্বাবধানে আর্ট থেরাপি ‘ট্রি অব লাইফ’। শিক্ষার্থীরা ছবি, রং এবং সৃজনশীল শিল্পচর্চার মাধ্যমে তাদের ভেতরের অনুভূতি প্রকাশ করে, যা তাদের মানসিক পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা রাখে। এছাড়া কর্মসূচিতে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, দলীয় কার্যক্রম এবং পেশাদার মনোসামাজিক কাউন্সেলিং।

দুর্ঘটনায় হারিয়ে যাওয়া সহপাঠীদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি প্রতিটি প্রাণের স্মৃতিতে নামফলকসহ স্মারক গাছ রোপণ করে শিক্ষার্থীরা, যা প্রকৃতির বুকে তাদের স্মৃতিকে চিরসবুজ রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ দেন রোটারি ক্লাব অব বনানী ঢাকার প্রেসিডেন্ট রোটারিয়ান শরীফ উল্লাহ এবং বাংলাদেশের প্রথম নারী ফুটবলার রেহানা পারভীন। তারা শিক্ষার্থীদের জীবনের প্রতিকূলতাকে সাহসের সঙ্গে মোকাবিলা করার আহ্বান জানান।

রোটারিয়ান শরীফ উল্লাহ বলেন, রোটারির মূল আদর্শ মানবসেবা। মাইলস্টোনের শিশুদের মানসিক কষ্ট দূর করা আমাদের সামাজিক দায়িত্ব। প্রকৃতির সান্নিধ্যে তাদের মুখে হাসি ফোটানোর এই প্রক্রিয়া ভবিষ্যতেও চলবে।

ছুটি রিসোর্ট পুবাইলের ব্যবস্থাপনা পরিচালক শামসুল ইসলাম বলেন, ব্যবসার বাইরেও সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। পুবাইলের এই উন্মুক্ত পরিবেশ শিশুদের মনের ভয় কাটাতে সাহায্য করবে। 

ছুটি রিসোর্ট পূর্বাচলের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর ফেরদৌস জানান, শিশুরা এই খোলা প্রান্তরে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারলে প্রাণবন্তভাবে বাঁচতে শিখবে। ছুটি গ্রুপ সবসময় তাদের পাশে থাকবে।

এই উদ্যোগের প্রবক্তা, সাংবাদিক ও রোটারিয়ান শাহনাজ শারমীন  জানান, মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে বার্ন ইনস্টিটিউটে টানা ১২ দিন সংবাদ সংগ্রহের সময় শিশুদের ভয়াবহ মানসিক অবস্থা প্রত্যক্ষ করার পরই তার মনে এমন আয়োজনের চিন্তা আসে। তিনি ছুটি গ্রুপ, রোটারি ক্লাব অব বনানী ঢাকা ও মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষকে আস্থা রাখা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

সমাপনী বক্তব্যে ছুটি গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট মোস্তফা মাহমুদ আরিফী আবেগঘন কণ্ঠে বলেন, আজ আমরা যে গাছ রোপণ করছি, তা আজকের এই শোকের চেয়েও অনেক বড় হয়ে বেড়ে উঠবে। এই শিশুরা কোনো তারিখ বা সংবাদ শিরোনামে সীমাবদ্ধ থাকবে না। তারা আগামীর আলোর দিকে ক্রমবর্ধমান এক সবুজ বনের মতো চিরস্মরণীয় হয়ে থাকবে।  অনুষ্ঠানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা, শিক্ষক-শিক্ষিকা, ছুটি গ্রুপ ও রিসোর্ট কর্তৃপক্ষ এবং রোটারি ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, দুর্ঘটনার আতঙ্ক হয়তো পুরোপুরি কাটে না, কিন্তু ভালোবাসা ও সম্মিলিত প্রচেষ্টা সেই বেদনা বহনের শক্তি জোগাতে সাহায্য করতে পারে। তারা সমাজের সর্বস্তরের মানুষকে এই শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।