মেহেন্দীগঞ্জের কাজীরহাটে মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় ছোট ভাই নজরুল সরদারকে কুপিয়ে হত্যার ঘটনার প্রধান আসামি হারুন সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। প্রায় এক মাস পলাতক থাকার পর মঙ্গলবার রাতে নোয়াখালীর একটি মসজিদে তাবলিগ জামাতে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। হারুন সরদার মেহেন্দীগঞ্জের আন্ধারমানিক ইউনিয়নের আন্ধারমানিক (ঘোলেরহাট) গ্রামের বাসিন্দা। তিনি ২১ জুন দুপুরে ঘোলেরহাট জামে মসজিদে ঢুকে তার আপন ভাই নজরুল সরদারকে (৪২) কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় নিহতের স্ত্রী নাজমিন নাহার ৮ জনকে আসামি করে মামলা করেছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে নোয়াখালীতে তাবলিগ জামাতের সঙ্গে পুলিশও ছদ্মবেশে যুক্ত হয়। পরে হারুন সরদারের পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে এবং বুধবার কাজীরহাট থানায় নিয়ে আসে।

