টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যে চট্টগ্রাম নগরের প্রায় ৮০ শতাংশ এলাকা থেকে এরই মধ্যে পানি নেমে গেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তবে নিচু কিছু এলাকায় এখনো পানি জমে রয়েছে উল্লেখ করে তিনি জানান, এসব স্থানে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শুক্রবার (১০ জুলাই) নগরের চান্দগাঁওয়ের হাজীরপোল, চান্দগাঁও আবাসিক এলাকা, বালুরটাল, অনন্যা আবাসিক ও শমসেরপাড়াসহ বিভিন্ন জলাবদ্ধ এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন মেয়র। এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ।

পরিদর্শনকালে মেয়র ও সংসদ সদস্য পানিবন্দী মানুষের খোঁজখবর নেন, ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জলাবদ্ধতার কারণ ও সম্ভাব্য সমাধান নিয়ে মতবিনিময় করেন।

আরও পড়ুন

বিমানবন্দরের রানওয়ের জলাবদ্ধতা কমাতে খাল কাটছে চট্টগ্রাম বন্দর

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর প্রায় ৮০ শতাংশ এলাকা থেকে এরই মধ্যে পানি নেমে গেছে। তবে কিছু নিচু এলাকায় এখনো পানি জমে আছে। কেন এসব এলাকা থেকে পানি দ্রুত নামছে না, তা স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে চিহ্নিত করার চেষ্টা করছি। প্রকৃত কারণ নির্ণয় করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই অবশিষ্ট এলাকাগুলো থেকেও পানি সম্পূর্ণ নেমে যাবে।

jagonews24পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র/ছবি: জাগো নিউজ

তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগগুলো জলাবদ্ধতা নিরসনে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। কোথাও পানি নিষ্কাশনে কোনো প্রতিবন্ধকতা থাকলে তা দ্রুত অপসারণের মাধ্যমে নগরবাসীর দুর্ভোগ কমিয়ে আনার চেষ্টা চলছে।

আরও পড়ুন

নওগাঁয় রেকর্ড বৃষ্টি / শহরজুড়ে জলাবদ্ধতা, সড়কে মাছ ধরছেন স্থানীয়রা

সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, যেসব নিচু এলাকায় এখনো পানি জমে আছে, সেগুলো থেকেও খুব শিগগির পানি নেমে যাবে। এ বিষয়ে সিটি করপোরেশন, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে এবং তাদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

আরও পড়ুন

জলাবদ্ধতায় স্থবির উত্তর চট্টগ্রাম, থমকে গেলো যোগাযোগ-শিক্ষা কার্যক্রম

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধতার কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মেয়র তাদের অভিযোগ শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

একই সঙ্গে স্থায়ী ও কার্যকরভাবে জলাবদ্ধতা নিরসনে স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাওয়ার আশ্বাস দেন।

এমআরএএইচ/এমএমকে