ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) চতুর্থ আন্তর্জাতিক নাট্যোৎসব-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেশের প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব আবুল হায়াতকে ‘নাট্যজন সম্মাননা’ দেওয়া হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন তার হাতে এ সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইস্রাফীল। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. আরিফ হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্যোৎসব আয়োজন কমিটির আহ্বায়ক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইসমত আরা ভূঁইয়া ইলা।
উল্লেখ্য, ১২ জুলাই শুরু হওয়া এ উৎসব ১৮ জুলাই পর্যন্ত চলবে। উৎসবে প্রতিদিন সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া হায়দার ল্যাবে একটি করে নাটক মঞ্চস্থ হবে।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘যে দেশে জ্ঞানীর সম্মান জানানো হয় না, সে দেশে জ্ঞানীর জন্ম হয় না। প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত একজন অনন্য প্রতিভার অধিকারী, জননন্দিত অভিনেতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রেরণার বাতিঘর। তাকে বিশেষায়িত করার ভাষা আমার জানা নেই। আমি আশা করি, এই বিভাগের শিক্ষার্থীদের মধ্য থেকেও একেকজন আবুল হায়াত তৈরি হবে।’
সম্মাননা গ্রহণ করে আবুল হায়াত বলেন, ‘এই স্বীকৃতি আমার দীর্ঘদিনের কাজের মূল্যায়ন। এ ধরনের সম্মাননা কাজের প্রতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। এ সম্মাননার জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’








