নান্দাইলে এক শিশুকন্যাকে নৌকায় চড়ানোর প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মোস্তফা (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। রোববার রাত ১১টায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোস্তফা নান্দাইল পৌরসভার আমোদাবাদ মহল্লার আব্দুর রাশিদের পুত্র। জানা যায়, রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোস্তফা একটি নির্জন স্থানে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। একপর্যায়ে শিশুটির প্রচুর রক্তক্ষরণ শুরু হলে মোস্তফা তাকে বাড়িতে পৌঁছে দেয় এবং রক্তক্ষরণের কারণ হিসাবে পরিবারকে জানায় যে, শিশুটিকে ‘জোঁকে ধরেছে’। পরবর্তীতে শিশুটির অবস্থার অবনতি হলে এবং মায়ের জিজ্ঞাসাবাদের মুখে সে মোস্তফার নির্মমতার কথা প্রকাশ করে।
প্রথমে লোকলজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হলেও সন্ধ্যার দিকে শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। দ্রুত তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আকরামুল্লাহ জানান, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় এবং অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।








