বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরের নয়াবাজার এলাকায় গরুবাহী ভটভটি (শ্যালো ইঞ্জিনচালিত) ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পার্শ্ববর্তী বড়াইগ্রামের লক্ষ্মীপুর ধামানিপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আব্দুর রহমান (৭০), আক্কাছ আলী (৫৫) ও তার ভাই জাহাঙ্গীর আলম (৪৬)। নিহত অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে চান্দাইকোনা গরুর হাটে যাওয়ার পথে ওই গরুবাহী ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ভটভটিতে থাকা এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

আহত চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন

সিলেটে সড়ক দুর্ঘটনা / ‘ঘুমঘুম চোখে’ ফাঁকা সড়কে অতিরিক্ত গতিই প্রাণহানির সম্ভাব্য কারণ: পুলিশ

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায়ই গরুভর্তি অবৈধ ভটভটি নিয়ে হাইওয়ে সড়কে যাতায়াত করেন ব্যবসায়ীরা। হাইওয়ে পুলিশ ব্যবস্থা না নেওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধারের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহাসড়কে অবৈধ যান চলাচলে নিয়মিত মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রেজাউল করিম রেজা/এসআর/এএসএম