গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে হামের উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় ফারজানা নামের ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় হামের উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (অতিরিক্ত) ও সিভিল সার্জন আনোয়ার হোসেন। মৃত শিশু ফারজানা জেলার বেগমগঞ্জ উপজেলার আমানতপুর গ্রামের মোহাম্মদ রফিকের মেয়ে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার ৮ জুলাই বিকেলে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয় ওই শিশুকে। গতকাল বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও ৪৪ শিশু। হাসপাতালে আইসোলেশনে আছে ১৪৪ জন। সবশেষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৪২ শিশু। এ ছাড়া শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।








