ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এক অসাধারণ প্রাকৃতিক পরিবেশে অতীত ও আধুনিকতার ছোঁয়ায় যাত্রা শুরু করল ‘ন্যাচার লাউঞ্জ’ নামক এক ব্যতিক্রমধর্মী ফ্যামিলি ডেস্টিনেশন। বিশুদ্ধ খাবার ও আধুনিক সেবার প্রতিশ্রুতি নিয়ে গড়ে ওঠা এ ফ্যামিলি ডেস্টিনেশনটি রুচিশীল মানুষের আস্থার প্রতীক হিসাবে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা শাহ শের আলী গ্রুপ। সোনারগাঁ উপজেলার পার্শ্ববর্তী মুন্সীগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় নির্মিত ‘ন্যাচার লাউঞ্জ’ ফ্যামিলি ডেস্টিনেশনটির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার দুপুরে প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব, ঢাকার সাবেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রোকন-উদ-দৌলা। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ড. মুহাম্মদ আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-কথাসাহিত্যিক, নাট্যকার, আন্তর্জাতিক মানের পর্যটনবিষয়ক সাময়িকী ‘ভ্রমণ’-এর সম্পাদক আবু সুফিয়ানসহ আরও অনেকে। খাদ্য রসিকদের জন্য রয়েছে দেশি-বিদেশি নানা ধরনের স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবারের সমাহার। এ ছাড়া শিশুদের জন্য কিডস জোন, জিম কর্নার, মেশিন ম্যাসাজ জোন ও নামাজের সুব্যবস্থাও রয়েছে প্রতিষ্ঠানটিতে।