ঢাকায় অবস্থিত অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলোর কূটনৈতিক মিশনের উদ্যোগে চট্টগ্রামে বন্যাদুর্গত এক হাজার পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) নগরের ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মেয়র বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিতে চট্টগ্রামের অনেক পরিবার চরম দুর্ভোগে রয়েছে। এমন সময়ে ওআইসির সদস্য দেশগুলোর এই সহযোগিতা দুর্গত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন
সরকার দুর্গতদের পাশে থেকে দুর্যোগ মোকাবিলা করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, বাংলাদেশ সবসময় আন্তর্জাতিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেয়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বন্ধুপ্রতিম দেশগুলোর এই সহমর্মিতা শুধু ত্রাণ সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পারস্পরিক ভ্রাতৃত্ব, সংহতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন বন্যা-পরবর্তী পুনর্বাসন, ক্ষতিগ্রস্ত এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম, পানি নিষ্কাশন, স্বাস্থ্যসেবা ও জরুরি সহায়তা অব্যাহত রেখেছে। সরকারি উদ্যোগের পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সম্মিলিত অংশগ্রহণ দুর্যোগ মোকাবিলাকে আরও কার্যকর করবে।
তিনি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর ঢাকাস্থ দূতাবাস ও হাইকমিশনগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন
দুর্যোগে ব্যবসায়ীদের ভূমিকা প্রশংসনীয়: অর্থমন্ত্রী
ফিলিস্তিন দূতাবাসের প্রতিনিধিরা বলেন, মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ওআইসির সদস্য দেশগুলোর অন্যতম অঙ্গীকার। বাংলাদেশের মানুষের প্রতি এই সহায়তা সেই অঙ্গীকারেরই প্রতিফলন।
ওআইসি সদস্য দেশগুলোর ঢাকাস্থ দূতাবাস ও হাইকমিশনের যৌথ উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মধ্যে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, মোহাম্মদ কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, ফিলিস্তিন দূতাবাসের প্রতিনিধি ড. খালেদ আবুশাউইশ ও ড. আবদেলরহমান আলসোরাদি, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাসহ ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমআরএএইচ/এমএমকে








