পাহাড়ি ঢল আর টানা ভারি বৃষ্টিতে হু হু করে বাড়ছে তিস্তা নদীর পানি। পরিস্থিতি সামাল দিতে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট (স্লুইস গেট) খুলে দিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে নদীটির পানি বিপৎসীমার একেবারে কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে।​আজ সোমবার (২০ জুলাই) সকাল ৯টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১০ মিটার—যা বিপৎসীমার (৫২ দশমিক ১৫ মিটার) মাত্র ৫ সেন্টিমিটার নিচে রয়েছে। এর আগে সকাল ৬টায়ও পানির উচ্চতা একই পর্যায়ে ছিল।​পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডালিয়া ডিভিশনের পানি পরিমাপক নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নদীর পানি এখন বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।​পাউবো ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, বৃষ্টির কারণে তিস্তার পানি ক্রমাগত বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও পানির চাপ সামলাতে ব্যারাজের ৪৪টি জলকপাটই খুলে দেওয়া হয়েছে। নদীর পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, তাই সার্বিক পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।