টোস্টমাস্টার্স ইন্টারন্যাশনালের ২০২৬–২০২৭ কার্যবর্ষে নবগঠিত ডিস্ট্রিক্ট ৪১-এর অধীনে বাংলাদেশ ও নেপাল এক নতুন সহযোগিতার যাত্রা শুরু করেছে। বাংলাদেশ ও নেপালজুড়ে বিস্তৃত ছয়টি ডিভিশনে সংগঠিত মোট ৯৬টি টোস্টমাস্টার্স ক্লাব নিয়ে গঠিত এই ডিস্ট্রিক্ট নেতৃত্ব বিকাশ, কার্যকর যোগাযোগ দক্ষতা উন্নয়ন এবং দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচন করবে।
চলতি কার্যবর্ষে ডিস্ট্রিক্ট ৪১-এর ডিস্ট্রিক্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের মোহাম্মদ গোলাম দস্তগীর জনি, ডিটিএম। তার সঙ্গে ডিস্ট্রিক্ট ট্রিওতে রয়েছেন নেপালের দীপ্তি আচার্য, ডিটিএম, যিনি প্রোগ্রাম কোয়ালিটি ডিরেক্টর এবং অঙ্কিত গোয়েঙ্কা, যিনি ক্লাব গ্রোথ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডিস্ট্রিক্ট নেতৃত্বে বাংলাদেশ থেকে আরও রয়েছেন নুসরাত হুদা, ডিটিএম (ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজার), মোহাম্মদ জাহিদ হোসেন, ডিটিএম (ডিস্ট্রিক্ট পার্লামেন্টেরিয়ান), ড. জামাল উদ্দিন জামি, ডিটিএম (অ্যাসোসিয়েট প্রোগ্রাম কোয়ালিটি ডিরেক্টর), সৈয়দ শাহরিয়াত হোসেন ও মো. আবুল কালাম আজাদ (অ্যাসোসিয়েট ক্লাব গ্রোথ ডিরেক্টর), নাজমুল হক নাফিস (অ্যাসোসিয়েট পাবলিক রিলেশনস ম্যানেজার), মোহাম্মদ ইয়াসিন আলী, ডিটিএম ও মো. শেখ সাদী (ডিভিশন ডিরেক্টর)। তারা নেপালের অন্যান্য জেলা নেতাদের সঙ্গে সমন্বয় করে সারা বছর ডিস্ট্রিক্ট ৪১-এর ক্লাবগুলোর উন্নয়ন ও সদস্যদের নেতৃত্ব বিকাশে কাজ করবেন।
ডিস্ট্রিক্ট ৪১-এর এই নতুন যাত্রা সম্পর্কে ডিস্ট্রিক্ট ডিরেক্টর মোহাম্মদ গোলাম দস্তগীর জনি বলেন, ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ ও নেপালের একসঙ্গে পথচলা কেবল একটি প্রশাসনিক পুনর্বিন্যাস নয়; এটি পারস্পরিক শিক্ষা, সাংস্কৃতিক বৈচিত্র্যকে উদযাপন এবং কার্যকর যোগাযোগ ও নেতৃত্বের মাধ্যমে মানুষকে ক্ষমতায়নের একটি অসাধারণ সুযোগ। আমরা একসঙ্গে শক্তিশালী ক্লাব গড়ে তুলতে, নতুন নেতৃত্ব তৈরি করতে এবং দুই দেশের মধ্যে অর্থবহ সহযোগিতা প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
১৯২৪ সালে প্রতিষ্ঠিত টোস্টমাস্টার্স ইন্টারন্যাশনাল বিশ্বের অন্যতম বৃহৎ অলাভজনক শিক্ষাপ্রতিষ্ঠান, যা যোগাযোগ দক্ষতা, পাবলিক স্পিকিং এবং নেতৃত্ব বিকাশে কাজ করে। বর্তমানে বিশ্বের ১৪০টিরও বেশি দেশে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। সদস্যরা এখানে বক্তব্য প্রদান, গঠনমূলক মূল্যায়ন গ্রহণ, সভা পরিচালনা এবং নেতৃত্বের বিভিন্ন দায়িত্ব পালনের মাধ্যমে আত্মবিশ্বাস ও দক্ষতা অর্জনের সুযোগ পান।
গত এক দশকে বাংলাদেশে টোস্টমাস্টার্সের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। দেশের প্রথম টোস্টমাস্টার্স ক্লাব ২০১২ সালে চার্টার লাভ করে এবং ২০১৭ সালে বাংলাদেশ নিজস্ব টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্টের স্বীকৃতি অর্জন করে। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে কমিউনিটি, করপোরেট ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে ৩২টি সক্রিয় টোস্টমাস্টার্স ক্লাব কার্যক্রম পরিচালনা করছে, যেখানে বিভিন্ন পেশা ও বয়সের মানুষ নিজেদের যোগাযোগ ও নেতৃত্ব দক্ষতা বিকাশের সুযোগ পাচ্ছেন।
বিগত বছরগুলোতে টোস্টমাস্টার্স অসংখ্য পেশাজীবী, উদ্যোক্তা, শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবসায়ীকে আত্মবিশ্বাসী বক্তা ও দক্ষ নেতা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যারা জনসমক্ষে কথা বলার ভয় কাটিয়ে উঠতে চান, উপস্থাপনা দক্ষতা উন্নত করতে চান, নেতৃত্বের গুণাবলি বিকাশ করতে চান কিংবা নতুন মানুষের সঙ্গে পরিচিত হয়ে নিজের ব্যক্তিগত ও পেশাগত নেটওয়ার্ক সম্প্রসারণ করতে চান, তাদের জন্য টোস্টমাস্টার্স একটি কার্যকর ও পরীক্ষিত শিক্ষার প্ল্যাটফর্ম। আগ্রহীরা সদস্য হওয়ার আগে অতিথি হিসেবে যেকোনো টোস্টমাস্টার্স ক্লাবের সভায় অংশগ্রহণ করতে পারেন।
নবগঠিত ডিস্ট্রিক্ট ৪১ টোস্টমাস্টার্স ইন্টারন্যাশনালের সেই অঙ্গীকারেরই প্রতিফলন, যার লক্ষ্য সীমান্তের গণ্ডি পেরিয়ে সহযোগিতা বৃদ্ধি, শক্তিশালী ক্লাব গঠন এবং দক্ষ নেতৃত্ব তৈরি করা। বাংলাদেশ ও নেপালের এই যৌথ যাত্রা আগামী দিনে দুই দেশের সদস্যদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং কার্যকর যোগাযোগ ও নেতৃত্ব বিকাশে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আইএইচও/এমএমএআর








