চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজের চার ঘণ্টা পর দুই শিক্ষার্থী মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকাল সাড়ে ৬ টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের বারখের আলী ঘাটের পদ্মা নদী থেকে মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

এর আগে দুপুরে বারখের আলী ঘাটে গোসল করতে গিয়ে ওই দুই শিক্ষার্থী ডুবে নিখোঁজ হয়। এদিকে মহানন্দা নদীর রাবারড্যাম এলাকায় মাছ ধরতে গিয়ে ডুবে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।    

মারা যাওয়া দুই শিক্ষার্থী হলেন, সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের  রেফাজিপাড়ার জিয়াম আলীর ছেলে রিফাত আলী (১৬) ও তেররশিয়া গ্রামের আলিমের ছেলে রাসেল (১৭)। তারা সুবাগ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

রাবারড্যাম এলাকায় নিখোঁজ ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আজাইপুর আরামবাগ এলাকার রুহুল আমিনের ছেলে সাকিরুল ইসলাম (৩৫)।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ ও চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার স্কুল ছুটির পর বাড়ি না ফিরে কয়েকজন বন্ধুর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে যায় রিফাত ও রাসেল। গোসলের একপর্যায়ে তারা পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অবহিত করা হলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৪টায় উদ্ধার অভিযান শুরু করে। 

চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে জানানো হয়। উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে অভিযান চালিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে। 

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ জানান, বিকাল ৪টার দিকে রাজশাহী থেকে ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। বিকাল সাড়ে ৬টার দিকে ওই দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মহানন্দা নদীর রাবারড্যামের কাছে একজনের ডুবে গিয়ে নিখোঁজের খবর পেয়েছেন। সেখান উদ্ধার অভিযান শুরু করা হবে।