কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার গোড়ক মন্ডল গ্রামে পরকীয়া নিয়ে বিরোধের জের ধরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা দায়রা আদালতের অতিরিক্ত বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— ফুলবাড়ির গোড়ক মন্ডল এলাকার নুর নাহার, তার মা ছকিনা বেগম, বাবা নুর মোহাম্মদ ও নুর নাহারের পরকীয়া প্রেমিক গফুর।

মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৮ এপ্রিল গোড়ক মন্ডল গ্রামে নুর নাহার তার স্বামী কেতাব উদ্দিনকে দাওয়াত খাওয়ার কথা বলে কৌশলে পার্শ্ববর্তী এলাকায় তার পরকীয়া প্রেমিকের বাড়িতে নিয়ে যান। সেখানে নুর নাহার ও তার মা-বাবা এবং প্রেমিক মিলে কেতাব উদ্দিনকে হত্যা করে বাড়ির পাশের জমিতে মরদেহ ফেলে রাখে।

পরদিন ১৯ এপ্রিল কেতাব উদ্দিনের বাবা আলীমুদ্দিন বাদী হয়ে ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে অভিযুক্ত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বাকি আসামিরা খালাস পেয়েছেন।

মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনোয়ার হোসেন আলো এবং সরকারপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম।