নাঙ্গলকোটে বাবা, মা ও ছোট ভাইয়ের বিরুদ্ধে নির্যাতন ও মারধরের অভিযোগে থানায় লিখিত অভিযোগ করার চার দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে হেসাখাল ইউনিয়নের পদুয়ারপাড় এলাকার একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল কাদের (২২) হেসাখাল ইউনিয়নের কুরকুটা পশ্চিমপাড়া নতুন বাড়ির বাসিন্দা। লাশ উদ্ধারের পর থেকেই তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। জানা যায়, বৃহস্পতিবার আব্দুল কাদের তার বাবা লিটন, মা কাজল বেগম ও ছোট ভাই রাকিব হোসেনের বিরুদ্ধে নির্যাতন ও মারধরের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেন। এর চার দিন পর সোমবার সকালে স্থানীয়রা পদুয়ারপাড় এলাকার একটি খালে লাশ ভাসতে দেখে ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে স্বজনরা লাশটি আব্দুল কাদেরের বলে শনাক্ত করেন। ওসি আরিফুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মাকে আটক করা হয়েছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।