২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার লড়াই ঘিরে ফুটবল বিশ্বে চলছে তুমুল আলোচনা। কে জিতবে শিরোপা-এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ। সেই বিতর্কে নিজের মতামত জানিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক কিংবদন্তি গোলরক্ষক ও বর্তমানে পুমাসের তারকা কেইলর নাভাস।

তিনটি বিশ্বকাপে খেলা এবং রিয়াল মাদ্রিদের হয়ে একাধিক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই কোস্টারিকান গোলরক্ষকের বিশ্বাস, সমান শক্তির দুই দলের লড়াই হলেও আর্জেন্টিনা সামান্য এগিয়ে।

নাভাসের মতে, দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারেন মাত্র একজন খেলোয়াড়- লিওনেল মেসি।

নাভাস বলেন, ‘এতটা সমান শক্তির একটি ফাইনালে কোনো দলকেই পরিষ্কার ফেবারিট বলা কঠিন। কারণ দুই দলই অসাধারণ। তবে যদি একটি দল বেছে নিতে হয়, তাহলে আমি আর্জেন্টিনাকেই বেছে নেব, কারণ তাদের দলে মেসি আছে।’

তার মতে, অধিনায়ক মেসির উপস্থিতিই আর্জেন্টিনাকে স্পেনের তুলনায় বিশেষ সুবিধা এনে দেয়। তিনি মনে করেন, এখনও মেসি এমন একজন ফুটবলার, যিনি এক মুহূর্তের জাদুতেই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন।

বিশ্বকাপ ফাইনালে ওঠার পথে দুই দলের লড়াইয়েরও প্রশংসা করেছেন নাভাস। তিনি বলেন, ‘ফাইনালে ওঠা দুই দলই কঠিন সময় পার করেছে। স্পেন শুরুটা খুব ভালো করতে পারেনি; কিন্তু পরে প্রতিপক্ষদের ওপর দাপট দেখিয়েছে। অন্যদিকে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচ খেলেছে, আবার পিছিয়ে থেকেও ফিরে এসেছে। এটি তাদের মানসিক দৃঢ়তা এবং প্রতিযোগিতামূলক মান সম্পর্কে অনেক কিছু বলে।’

তার মতে, পুরো টুর্নামেন্টে প্রতিকূল পরিস্থিতি সামলে ওঠার ক্ষমতাই দুই দলকে বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে পৌঁছে দিয়েছে। নাভাস এই বিশ্বকাপকে আধুনিক ফুটবলের কয়েকজন কিংবদন্তির জন্যও বিশেষ বলে উল্লেখ করেন। তিনি লিওনেল মেসির পাশাপাশি লুকা মদ্রিচ, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং নেইমারের মতো তারকাদের প্রশংসা করেন। তার ভাষায়, এই ফুটবলাররা আন্তর্জাতিক ফুটবলের একটি যুগকে সংজ্ঞায়িত করেছেন।

আরএএইচইউএল/আইএইচএস/