দেখতে দেখতে শেষ হয়ে এলো ফুটবল বিশ্বকাপ ২০২৬। রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা ও লামিনে ইয়ামালের স্পেন।
গুরুত্বপূর্ণ এই ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। স্বাভাবিকভাবেই সবার আগ্রহ একটি বিষয় নিয়ে-এই রেফারির রেকর্ড কেমন? বিশেষ করে আর্জেন্টিনার সঙ্গে তার রেকর্ড নিয়েই বেশি আলোচনা।
৪৬ বছর বয়সী ভিনচিচ ২০১০ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউরোপের শীর্ষ পর্যায়ের বহু গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন তিনি। ২০২২ সালের উয়েফা ইউরোপা লিগের ফাইনাল এবং ২০২৪ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও পরিচালনা করেন এই স্লোভেনিয়ান।
কাতার বিশ্বকাপের মাধ্যমে বিশ্বকাপে অভিষেক হয় ভিনচিচের। সেখানে তিনি দুটি ম্যাচ পরিচালনা করেছিলেন। ২০২৬ বিশ্বকাপে ইতোমধ্যে তিনটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি। ফলে আসন্ন ফাইনাল হবে তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচ এবং চলতি আসরের চতুর্থ দায়িত্ব।
ভৌগোলিক কারণে আর্জেন্টিনার ম্যাচে খুব কমই দায়িত্ব পালন করার সুযোগ হয়েছে ভিনচিচের। এখন পর্যন্ত আলবিসেলেস্তের মাত্র একটি ম্যাচেই তিনি রেফারি ছিলেন।
২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ ব্যবধানে অবিশ্বাস্য পরাজয়ের ম্যাচটি পরিচালনা করেছিলেন ভিনচিচ। সেই হারে ভেঙে যায় আর্জেন্টিনার টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। এখন পর্যন্ত ভিনচিচের অধীনে এটিই মেসিদের একমাত্র ম্যাচ এবং একমাত্র পরাজয়।
তবে ওই ম্যাচে ভিনচিচের কয়েকটি সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষেই গিয়েছিল। ম্যাচের সপ্তম মিনিটে কর্নারের সময় লিয়ান্দ্রো পারেদেসকে ফাউল করা হলে তিনি আর্জেন্টিনাকে পেনাল্টি দেন। সেই স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি। এছাড়া পুরো ম্যাচে সৌদি আরবের খেলোয়াড়দের ছয়টি হলুদ কার্ড দেখালেও আর্জেন্টিনার কোনো খেলোয়াড়কে সতর্ক করেননি ভিনচিচ।
এমএমআর








