একই দিনে জন্ম, একসঙ্গে বেড়ে ওঠা এবং লেখাপড়া। আর সেই লেখাপড়ার অংশ হিসেবে এবার প্রাথমিক শিক্ষাবৃত্তি-২০২৫ পরীক্ষায়ও একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে ফরিদগঞ্জের যমজ বোন মায়মুনা আক্তার ও মুনতাহা আক্তার। তারা জেলার শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলীর মেয়ে। মায়মুনা ও মুনতাহা ফরিদগঞ্জের ঘড়িহানা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষা দেন। বর্তমানে তারা ফরিদগঞ্জের বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।

পরিবারের সদস্যরা জানান, শিশুকাল থেকেই দুই যমজ বোনের পড়াশোনার প্রতি ছিল প্রবল আগ্রহ। নিয়মিত অধ্যয়ন, একে অপরকে সহযোগিতা করা এবং পরিবারের সার্বক্ষণিক উৎসাহ ও অনুপ্রেরণাই তাদের এই সাফল্যের মূল ভিত্তি।

শিক্ষক বাবা মোহাম্মদ আলী বলেন, এটি মহান আল্লাহর অশেষ রহমত। আমরা চাই, মেয়েরা ভবিষ্যতে সুশিক্ষিত, সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলুক এবং দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখুক।