নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে ধরে নিয়ে ছিনতাইকারী আখ্যা দিয়ে সিজান নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাত ১০টায় ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিজান পশ্চিম মাসদাইর এলাকার ইউনুছ ওরফে ইন্নু মিয়ার ছেলে।
ইন্নু জানান, এলাকার মসজিদের ইমাম কাউছার সম্প্রতি এলাকায় একটি সামাজিক সংগঠন করেছে। এ সংগঠনে অন্তত ৪০ জন সদস্য রয়েছে। কাউছার তার এ বাহিনীর লোকজন দিয়ে এলাকার অনেক যুবক ছেলেদের ধরে নিয়ে নির্যাতন করেছেন। শনিবার রাত ৮টায় আমার ছেলে সিজানকে বাসা থেকে কাউছারের নেতৃত্বে ৩০-৪০ জন কিশোর ও যুবক ধরে নিয়ে যায়। এরপর মাসদাইর মোড়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক পেটানো হয়। তার ডান পায়ে পাইপ দিয়ে পিটিয়ে ভেঙে দেওয়া হয়। তখন নিথর হয়ে পড়লে কাউছার খুঁটি থেকে হাতের বাঁধন খুলে আমার কাছে দিয়ে বলেন চিকিৎসা কর। এরপর খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মসজিদের ইমাম কাউছার বলেন, সিজানের নামে ছিনতাইসহ অনেক অভিযোগ আছে। তাকে বাসা থেকে আনা হয়েছিল বুঝানোর জন্য, সে যেন খারাপ কাজ ছেড়ে দেয়। তখন কিছু উত্তেজিত লোকজন সিজানকে পিটুনি দেয়। যারা পিটুনি দিয়েছে তারা আমার কেউ না।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। শরীরে আঘাতের দাগ রয়েছে। বিষয়টি তদন্ত করে অপরাধীদের গ্রেফতার করা হবে।

