পাংশায় ছেলেকে জিম্মি ও অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগে ইকবাল হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার নাছনা মুরাদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইকবাল মিয়ার বাড়ি একই গ্রামে। জানা যায়, দীর্ঘদিন অভিযুক্ত ইকবাল ভুক্তভোগী ওই গৃহবধূর প্রতি কুদৃষ্টি দিয়ে আসছিল। মাঝে মাঝে ওই গৃহবধূকে অশালীন অঙ্গভঙ্গিও করতেন। ২৬ জুন সকালে ওই নারীকে ঘরে একা পেয়ে দরজা আটকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে ইকবাল। এ ঘটনার প্রায় এক সপ্তাহ পরে ১ জুলাই সকালে আবারও বাড়ি ফাঁকা পেয়ে ওই নারীর ঘরে ঢুকে তার তিন বছরের ছেলেকে জিম্মি করে অস্ত্রের ভয় দেখিয়ে পুনরায় ধর্ষণ করে পালিয়ে যায়।
পরে ভুক্তভোগী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, ওই গৃহবধূর মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

