লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সালিশে বাগবিতণ্ডার জেরে নজরুল ইসলাম নামে এক বৃদ্ধকে গুলি করার অভিযোগ উঠেছে। পরে তাকে আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক বিরোধের জের ধরে ডাকা সালিশকে কেন্দ্র করে আশিক নামে এক যুবক তাকে গুলি করেন। আশিক সম্পর্কে বৃদ্ধের নাতি হন।
শনিবার বিকালে উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুরে হামিদ উল্যাহ পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নজরুল রশিদপুরের খলিলুর রহমান পাটওয়ারীর ছেলে। অভিযুক্ত আশিক একই বাড়ির ইসমাইল হোসেন ফারুকের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ফারুক ও তার স্ত্রী আয়েশা বেগমের সঙ্গে পারিবারিক বিরোধে চলে আসছিল। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় স্থানীয়ভাবে সালিশ হয়। এতে ফারুকের চাচা নজরুলসহ আরও একজন ছিল। ঘটনার সময় আয়েশার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ ঘটনায় আয়েশা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তিনি মোবাইল ফোনে ঢাকায় থাকা তার ছেলে আশিককে বিষয়টি জানায়। আশিক ঘটনাটি জানতে পেরে রাতে এলাকায় আসেন। শনিবার বিকালে ঘটনাটি নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে তিনি নজরুলকে গুলি করেন। তার বাম হাতে কব্জির ওপর গুলিবিদ্ধ হয়েছে। ঘটনার পর থেকে আশিক পলাতক রয়েছে।

