কুমিল্লা সদর দক্ষিণের বিজয়পুর বাজারে মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের অভিযোগে ল্যাংড়া খোকন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় পার্শ্ববর্তী বরুড়া উপজেলার ঝলম থেকে তাকে আটক করা হয়। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানান, ধর্ষণের খবর জানার পরপরই পুলিশের একাধিক টিম অভিযানে নামে। ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হবে।

জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় থাকতেন ওই নারী। সারা দিন বাজারের আনাচকানাচে ঘুরে বেড়াতেন; রাত্রিযাপন করতেন আশপাশের দোকানগুলোর সামনে কিংবা ফুটপাতে।

সম্প্রতি ওই নারী বিজয়পুর বাজারের একটি কনফেকশনারি দোকানের সামনে রাত্রিযাপন করছিলেন। গভীর রাতে দুর্গাপুর গ্রামের ল্যাংড়া খোকন ওরফে জুয়াড়ি খোকন ঘুমন্ত অবস্থায় তাকে ধর্ষণ করে। শনিবার ধর্ষণের একটি ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর থেকে সর্বত্রই প্রতিবাদের ঝড় উঠে।

স্থানীয়রা জানান, খোকন জুয়া, নারী কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। রাজনৈতিক মহলের ছত্রছায়ায় সে একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে। তার অপকর্মের শাস্তির দাবি জানিয়েছেন তারা।