হামের উপসর্গ (সন্দেভাজন রোগী) নিয়ে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলে ৮৩৩ রোগী শনাক্ত হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১৫ মার্চ থেকে ৪ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪ হাজার ৬৯৩ জন হয়েছে। আর ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০১ জন, ১৫ মার্চ থেকে ৪ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৫২৬ জন হয়েছে।

অধিদপ্তর আরও জানায়, ১৫ মার্চ থেকে ৪ জুলাই পর্যন্ত সন্দেহভাজন হাম নিয়ে ৮৭ হাজার ৯৬৬ শিশু হাসপাতালে ভর্তি হয়। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৪ হাজার ২১৮টি শিশু। ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ঢাকা ও হবিগঞ্জে দুই শিশুর মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ৪ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে ৬৩৮টি শিশুর মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে ৪ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।