চরফ্যাশনে জরিনা বেগম (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বিষপানে আত্মহত্যা করেছেন বলে দাবি স্বামীর পরিবারের। তবে মৃত্যুর পর স্বামী ও শ্বশুর হাসপাতালেই লাশ রেখে পালিয়ে যাওয়ায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। শুক্রবার রাতে উপজেলার নুরাবাদ ইউনিয়নে স্বামী শরীফের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জরিনা বেগম একই এলাকার সিরাজ পাটোয়ারীর মেয়ে। জানা যায়, রাতে জরিনা বেগম বিষপান করেন বলে দাবি করা হয়। জরিনার স্বামী ও শ্বশুর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে মৃত্যুর পর স্বামী ও শ্বশুর হাসপাতালে লাশ রেখে পালিয়ে যান। নিহতের বাবা জানান, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে একই গ্রামের শরীফের সঙ্গে জরিনার বিয়ে হয়। শুরুতে তাদের দাম্পত্য জীবন স্বাভাবিক থাকলেও কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। বিষয়টি একবার মুঠোফোনে মেয়ে তাকে জানিয়েছিল। তবে কী কারণে তার মেয়ে বিষপান করেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। স্থানীয়দের দাবি, পারিবারিক নির্যাতনের কারণেই জরিনা আত্মহত্যা করে থাকতে পারেন। এসআই গোফরান সিকদার বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

