ফেনীর ফুলগাজীতে অটোরিকশা ও মুরগিবাহী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের আবুল কালামের ছেলে মো. কাউছার, ছাগলনাইয়া উপজেলার পশ্চিম পাঠাননগরের কাজী হায়াতের স্ত্রী ওয়াহিদা আক্তার জুঁই (২০) ও তার মা জাকিয়া আক্তার (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেনী থেকে ফুলগাজীগামী একটি সিএনজি অটোরিকশা ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাতে থাকা পাঁচজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. কাউছার ও ওয়াহিদা আক্তার জুঁইকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জাকিয়া আক্তারসহ আরো তিনজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাকিয়া আক্তার মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, জুঁইয়ের বাবার বাড়ি মুন্সিরহাট ইউনিয়নের উত্তর আনন্দপুর গ্রামের মজুমদারপাড়ায়। ইতালি প্রবাসী কাজী হায়াতের স্ত্রী জুঁই মায়ের সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তারা।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, নিহত তিনজনের মধ্যে দুইজনের মরদেহ ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজনের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।