২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সময় আজ রাত ১টায় মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। ইতিহাস বলছে এই দুদলের প্রতিটি লড়াই ছিল উত্তেজনায় ভরা। টানা তৃতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠা লক্ষ্য ফরাসিদের। আর ইউরো ২০২৪ জয়ের পর এবার বিশ্বকাপও নিজেদের করে নিতে চায় স্পেন। জমজমাট এক ম্যাচের প্রত্যাশায় ফুটবলবিশ্ব। মহারণের আগে ফিরে দেখা যাক দুদলের স্মরণীয় পাঁচ ম্যাচ।

৩. উয়েফা নেশন্স লিগ ২০২১ ফাইনাল

স্পেন ১-২ ফ্রান্স

কোভিড-১৯ মহামারির কারণে সীমিত দর্শকের উপস্থিতিতে মিলানে অনুষ্ঠিত হয় ম্যাচটি। মিকেল ওইয়ারসাবালের গোলে এগিয়ে যায় স্পেন। করিম বেনজেমা সমতা ফেরান কিলিয়ান এমবাপ্পের পাস থেকে। এরপর এমবাপ্পে জয়সূচক গোল করে ফ্রান্সকে শিরোপা এনে দেন। এটি কোচ দিদিয়ের দেশমের অধীনে ফ্রান্সের দ্বিতীয় বড় ট্রফি।

১. ইউরো ১৯৮৪ ফাইনাল

ফ্রান্স ২-০ স্পেন

দুদলের প্রথম প্রতিযোগিতামূলক সাক্ষাৎ হয়েছিল ১৯৮৪ ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে। প্যারিসের পার্ক দে প্রিন্সেসে মিশেল প্লাতিনির নেতৃত্বে প্রথম কোনো বড় আন্তর্জাতিক শিরোপা জেতে ফ্রান্স। ম্যাচের ৫৭ মিনিটে প্লাতিনির নেওয়া ফ্রিকিক স্পেন গোলরক্ষক লুইস আরকোনাদার অবিশ্বাস্য ভুলে তার হাত ফসকে বল জালে ঢুকে যায়। সেটিই টুর্নামেন্টে প্লাতিনির নবম গোল। শেষদিকে ব্রুনো বেলোনের আরেকটি গোলে ২-০ ব্যবধানে জিতে ইউরোপসেরা হয় ফ্রান্স।

২. বিশ্বকাপ ২০০৬, শেষ ষোলো

স্পেন ১-৩ ফ্রান্স

বিশ্বকাপে এর আগে দুদলের দেখা হয়েছিল ২০০৬ সালে জার্মানিতে। গ্রুপপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে স্পেন এলেও ফ্রান্স ছিল কিছুটা নড়বড়ে। ওই ম্যাচে ডেভিড ভিয়ার পেনালটি গোলে এগিয়ে যায় স্পেন। বিরতির আগে ফ্রান্সকে সমতায় ফেরান ফ্যাংক রিবেরি। পরে প্যাট্রিক ভিয়েরা ফ্রান্সকে এগিয়ে দেন। আর ম্যাচের শেষদিকে জিনেদিন জিদানের গোলে নিশ্চিত হয় ৩-১ ব্যবধানের জয়। সেই বিশ্বকাপের ফাইনালে ইতালির কাছে টাইব্রেকারে হেরে রানার্সআপ হয় ফ্রান্স।

৪. ইউরো ২০২৪ সেমিফাইনাল

স্পেন ২-১ ফ্রান্স

মিউনিখে অনুষ্ঠিত সেমিফাইনালে শুরুতেই রান্ডাল কোলো মুয়ানির গোলে এগিয়ে যায় ফ্রান্স। তবে মাত্র ১৬ বছর বয়সি লামিনে ইয়ামাল দুর্দান্ত এক দূরপাল্লার শটে সমতা ফেরান। কয়েক মিনিট পর দানি ওলমোর গোলে ম্যাচ জিতে নেয় স্পেন। পরে ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ২০২৪ ইউরো জেতে স্পেন।

৫. উয়েফা নেশন্স লিগ ২০২৫ ফাইনাল

স্পেন ৫-৪ ফ্রান্স

স্টুটগার্টে অনুষ্ঠিত এই ম্যাচটি দুদলের ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর লড়াই। নিকো উইলিয়ামস, মিকেল মেরিনো, লামিন ইয়ামাল ও পেদ্রির গোলে একসময় ৪-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। এরপর পেনালটি থেকে কিলিয়ান এমবাপ্পে একটি গোল শোধ করলেও ইয়ামাল আবারও স্পেনের হয়ে গোল করে ব্যবধান ৫-১ করেন। শেষদিকে রায়ান শেরকি, দানি ভিভিয়ানের আত্মঘাতী গোল এবং রান্ডাল কোলো মুয়ানির গোলে ব্যবধান কমালেও ৫-৪ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।