গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা খাতুনকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। পিএইচডি স্কলারশিপে অনিয়ম, সরকারি চাকরিবিধি লঙ্ঘন ও নৈতিক স্খলনের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।ফাতেমা খাতুন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের (সাদা দল) একাংশের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের ৪৩তম রিজেন্ট বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ফাতেমা খাতুনের বিরুদ্ধে পিএইচডি স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপ ট্রাস্ট। শিক্ষা ছুটি শেষে তিনি কর্মস্থলে যোগদান করলেও পিএইচডি সনদ, সুপারভাইজারের প্রত্যয়নপত্র এবং ফেলোশিপ ট্রাস্টের ছাড়পত্রসহ প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে ব্যর্থ হন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার তথ্য চেয়ে চিঠি দিলেও তিনি কোনো সদুত্তর দেননি।অভিযোগের সত্যতা যাচাইয়ে গঠিত পাঁচ সদস্যের সত্যানুসন্ধান কমিটির তদন্তে সরকারি চাকরিবিধি লঙ্ঘন ও নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যায়। শৃঙ্খলা বোর্ডের সুপারিশের ভিত্তিতে রিজেন্ট বোর্ড তাকে ২৩ জুন ২০২৬ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে।আদেশে আরও বলা হয়, চাকরিচ্যুতির পাশাপাশি ফাতেমা খাতুন বিশ্ববিদ্যালয় থেকে বেতন ও অন্যান্য সুবিধা বাবদ যেসব অর্থ গ্রহণ করেছেন, তা বিধি মোতাবেক বিশ্ববিদ্যালয়কে ফেরত দিতে হবে।
বাণিজ্য
পিএইচডি স্কলারশিপে জালিয়াতি, চাকরি হারালেন শিক্ষিকা

শেয়ার করুন







