পিরোজপুরে প্রথমবারের মতো সরকারি শিশু পরিবারে এক এতিম মেয়ের বিয়ের আয়োজন করেছে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর। রোববার রাতে পিরোজপুর সরকারি শিশু পরিবার ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে এ বিয়ে অনুষ্ঠিত হয়। এ সময় কনের অভিভাবকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক আবু সাঈদ। তিনি কনে সুহানি আক্তারকে আনুষ্ঠানিকভাবে বরের হাতে তুলে দেন এবং নবদম্পতির সুখী, সুন্দর ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান। জানা যায়, পিতামাতাহীন সুহানি আক্তার ২০১৫ সালে সরকারি শিশু পরিবারে আশ্রয় পান। সেখানেই বেড়ে ওঠেন এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পর পিরোজপুর সদরের জুজখোলা গ্রামের রাকিব শেখের সঙ্গে এক লাখ এক টাকা দেনমোহরে তার বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ইকবাল করিম প্রমুখ। বক্তারা বলেন, অভিভাবকহীন শিশুদের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব।








