শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি কারও মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয় এবং তার সঙ্গে যদি কেউ সংশ্লিষ্ট থাকে তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে যে, সারা জীবনের জন্য মনে থাকবে। পাশাপাশি তিনি বলেন, এবার যদি কেউ প্রশ্নপত্র ফাঁস নিয়ে অপপ্রচার করে, সঙ্গে সঙ্গে তাকে পুলিশ আটকাবে। তারপর প্রমাণ করা হবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে কী হয়নি। পাশাপাশি যদি কোনো ব্যক্তি বা মিডিয়া প্রশ্নপত্র ফাঁসের নামে মিথ্যা তথ্য প্রচার করে, তাহলে আগে তাকে আইনের আওতায় আনা হবে।

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে দিনাজপুর শিক্ষা বোর্ড এবং রংপুর বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষাকেন্দে র ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। শুক্রবার দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানও শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন।

শিক্ষামন্ত্রী বলেন, ১৯৯১ সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়া বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য অবসর ভাতা চালু করেন। কিন্তু ২০২২ সাল থেকে কোনো শিক্ষক অবসর ভাতা পাননি। কারণ বিগত সরকার অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের সাত হাজার কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যেই ২০০ কোটি টাকা থোক বরাদ্দ দিয়েছেন এবং দুই হাজার কোটি টাকার চাহিদা দিয়েছেন। আমরা চেষ্টা করছি, আগামী জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে এই টাকা বিতরণ কার্যক্রম শুরু করতে পারব।

সভায় দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খন্দকার মো. সাদেকুর রহমান, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমীনসহ রংপুর বিভাগের বিভিন্ন শিক্ষা কর্মকর্তা ও মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবরার ফাহাদের নামে বুয়েটে হল-শিক্ষামন্ত্রী : ঢাবি প্রতিনিধি জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শহীদ আবরার ফাহাদের স্মৃতি সংরক্ষণে তার নামে একটি আবাসিক হল নির্মাণের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। শনিবার বিকালে বুয়েট অডিটোরিয়ামে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এই হল ভবিষ্যৎ প্রজন্মকে স্মরণ করিয়ে দেবে, রাজনৈতিক কিংবা অন্য কোনো কারণে যেন আর কোনো মেধাবী সন্তানের প্রাণ ঝরে না যায়।

আবাসন সংকটের বিষয়েও শিক্ষামন্ত্রী বলেন, প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থীর মধ্যে ৪০০ এর অধিক সংখ্যক এখনো হলে আসন পায়নি। বিষয়টি দ্রুত সমাধানের জন্য তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের চার বছরের স্নাতক কোর্স যেন চার বছরেই শেষ হয়, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। ভর্তি ও পরীক্ষা ব্যবস্থাকে আরও সময়োপযোগী ও সমন্বিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহাদী আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানি, সাইবার নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে বুয়েটের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আরও বক্তব্য দেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাসিব চৌধুরী এবং ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. একেএম মাসুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এনএম গোলাম জাকারিয়া।