নেত্রকোনার পূর্বধলায় কালিহর নদী থেকে ইট বাঁধা অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া পানিতে ডুবে কেন্দুয়ায় স্কুলছাত্রী, ময়মনসিংহের তারাকান্দায় এক নারী এবং সাভারের আশুলিয়ায় দুই যুবকের মৃত্যু হয়েছে। রোববার ও সোমবার এসব দুর্ঘটনা ঘটে। যুগাান্তর প্রতিনিধিরা জানান : নেত্রকোনার পূর্বধলায় কালিহর নদী থেকে ইট বাঁধা অবস্থায় এক নবজাতক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার হোগলা ইউনিয়নে এ ঘটনা ঘটে। পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নবজাতকের মরদেহটি একটি কালো শার্টে পেঁচিয়ে লাল রঙের রশি দিয়ে একটি ইটের সঙ্গে বেঁধে নদীতে ডুবিয়ে রাখা হয়েছিল। পরে কোনো কারণে সেটি ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। কেন্দুয়ায় বাড়ির পুকুরে ডুবে অনামিকা দাস নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। অনামিকা দাস ওই গ্রামের আবুল চন্দ্র দাসের মেয়ে এবং সুরুজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। ময়মনসিংহের তারাকান্দায় পুকুরের পানিতে ডুবে হাফিজা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। বানিহালা ইউনিয়নের কর নগুয়া গ্রামে সোমবার এ দুর্ঘটনা ঘটেছে। হাফিজা খাতুন কর নগুয়া গ্রামের মৃত আব্দুস সালামের স্ত্রী। সাভারের আশুলিয়ার ধামসোনা এলাকায় বংশী নদীতে ডুবে মো. ফারুক ও মো. জনি নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকালে ধামসোনা এলাকায় ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই যুবক বংশী নদীতে গোসল করতে নেমে একজন পানিতে তলিয়ে যায়। তাকে তুলতে গিয়ে অন্যজনও পানিতে তলিয়ে যায়।