প্রতিপক্ষের কোনো একজন খেলোয়াড়কে নিয়ে ভাবতে নারাজ ফ্রান্স। তাদের লক্ষ্য স্পেনকে হারিয়ে ফাইনালে ওঠা। তাই গোটা স্পেন দলকে নিয়ে ভাবছে ফ্রান্স, স্পেনের দু’একজন খেলোয়াড়কে নিয়ে নয়। এমনটাই জানিয়েছেন ফরাসি সেন্টার-ব্যাক ইব্রাহিম কোনাতে। প্রথম সেমিফাইনালের আগে কোনাতে জানিয়েছেন, স্পেনের মতো দলকে হারাতে হলে নিজেদের সেরা খেলাটা খেলতে হবে। সেজন্য প্রস্তুত তারা। কোনাতে বলেন, ‘প্রতিপক্ষকে ভয় পেলে চলবে না। সামনে কঠিন লড়াই। আমরা তৈরি হচ্ছি। আশা করি, শেষ হাসিটা আমরাই হাসব।’ আজ ডালাসে প্রথম সেমিফাইনাল বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে।
এবারের বিশ্বকাপে মাত্র একটি গোল করলেও স্পেনের তরুণ উইঙ্গার ইয়ামালের গতি ও ড্রিবল সমস্যায় ফেলেছে প্রতিপক্ষকে। বারবার প্রান্ত ধরে আক্রমণে উঠেছেন ইয়ামাল। কখনো ক্রস বাড়িয়েছেন। কখনো নিজে শট মেরেছেন। তা সত্ত্বেও ইয়ামালকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ কোনাতে। তিনি বলেন, ‘স্পেন খুবই শক্তিশালী দল। বেশ কয়েকজন ভালো ফুটবলার রয়েছে ওদের। তাই শুধু একজনের কথা ভাবলে হবে না। ইয়ামাল ভালো ফুটবলার। কিন্তু শুধু ওর কথা ভাবছি না। আমরা গোটা স্পেন দলকে নিয়ে ভাবছি।’
গত দুই দশকে বিশ্বকাপে সবচেয়ে ধারাবাহিক দল ফ্রান্স। এরআগে ১৯৯৮ থেকে ২০২২ সালের মধ্যে সাতটি বিশ্বকাপের চারটিতে ফাইনাল খেলেছে তারা। দুবার চ্যাম্পিয়ন হয়েছে। দুবার রানার্সআপ। ১৯৭৪ থেকে ১৯৯০ সালের মধ্যে পাঁচ বিশ্বকাপের চারটিতে ফাইনাল খেলেছিল তৎকালীন পশ্চিম জার্মানি। এবার ফাইনালে উঠলে জার্মানির সেই রেকর্ড ভেঙে ফেলবে ফ্রান্স। তাই বলে অতীত নিয়ে মাথা ঘামাতে চান না কোনাতে। তিনি বলেন, ‘আমরা অতীতের কথা ভাবছি না। কোনো ফাঁদে পা দিতে চাই না। শুধু নিজেদের খেলাটা খেলতে চাই।’
এবারের বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। গোলের জন্য তার ওপরই ভরসা ফ্রান্সের। উসমান দেম্বেলও পাঁচ গোল করে ফেলেছেন। পুরো দলকে ভয়ংকর দেখাচ্ছে। সেমিতে তাদের সামনে স্পেন, যারা এই বিশ্বকাপে মাত্র একটি গোল হজম করেছে। লড়াই সহজ হবে না। সে কারণে, শুধু একজনের কথা না ভেবে গোটা স্পেনকে নিয়ে ভাবছেন কোনাতেরা।
সেমিফাইনালে যেভাবে ফ্রান্স
গ্রুপপর্ব
ফ্রান্স ৩ : ১ সেনেগাল
ফ্রান্স ৩ : ০ ইরাক
ফ্রান্স ৪ : ১ নরওয়ে
শেষ ৩২
ফ্রান্স ৩ : ০ সুইডেন
শেষ ১৬
ফ্রান্স ১ : ০ প্যারাগুয়ে
কোয়ার্টার ফাইনাল
ফ্রান্স ২ : ০ মরক্কো








