রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড নাপিত পুকুরিয়া ব্রীজঘাটা এলাকায় শৌচাগারের ময়লা ও বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে মো. ওবায়দুল (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই এলাকার ইদ্রিস মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে রোববার। নিহত ওবায়দুল এর ভাই মো. শহীদুল বলেন, বাড়ির শৌচাগারের ময়লা বৃষ্টির পানিতে ছাড়াকে কেন্দ্র করে ওবায়দুলের সঙ্গে তার চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে কাঠের বাটামের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমরিন খসরু বলেন, ওবায়দুলকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ওসি হিলাল উদ্দিন আহমেদ লাশ উদ্ধারে বিষয়টি নিশ্চিত করেন।