বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের অন্তত ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা বাড়ি চলে যাওয়ার পর গভীর রাতে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাথরঘাটা, মঠবাড়িয়া ও বামনা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে ততক্ষণে মুদি, মনোহরী, ফার্মেসি, পোশাক ও জুতার দোকানসহ অন্তত ৫০টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরগুনার জেলা প্রশাসক (ডিসি) মোছাম্মৎ তাছলিমা আক্তার, পুলিশ সুপার (এসপি) মো. কুদরত-ই-খুদা ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল।সরেজমিনে লেমুয়া বাজারে গিয়ে দেখা যায়, অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ব্যবসায়ীদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। কেউ কেউ পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের মধ্য থেকে শেষ সম্বলটুকু খোঁজার চেষ্টা করছেন। অনেক ব্যবসায়ী শোকে জ্ঞান হারিয়ে ফেলছেন।জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে। চূড়ান্ত তালিকা সম্পন্ন হলে তাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। এ ছাড়া বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ নুরুল ইসলাম মনির পক্ষ থেকেও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।\
রাজনীতি
সব হারিয়ে নিঃস্ব লেমুয়া বাজারের ৫০ ব্যবসায়ী

শেয়ার করুন







