সদরপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অবস্থান নেওয়া এক অন্তঃসত্ত্বাকে মারধর এবং গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামীসহ ১০ জনের নামে থানায় অভিযোগ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভাষানচর ইউনিয়নের আমির খার ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বিথী আক্তার মাদারীপুরের শিবচরের বড়দোয়ালী গ্রামের বাসিন্দা। জানা যায়, প্রথম স্ত্রীর কথা গোপন রেখে ভাষানচর এলাকার কাতার প্রবাসী শাহিন শেখ প্রায় ৭ মাস আগে বিথী আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীকে কাতারে নিয়ে ৩ মাস আগে তারা দেশে ফিরেন এবং ঢাকায় বিভিন্ন স্থানে ভাড়া থাকেন। তবে স্ত্রী বিথী অন্তঃসত্ত্বা হওয়ার পর তাকে রেখে স্বামী শাহিন শেখ পালিয়ে গ্রামের বাড়িতে চলে যান। পরে স্ত্রীর মর্যাদা না পেয়ে গত শুক্রবার স্বামীর বাড়িতে গিয়ে অবস্থান নেন বিথী। জানা যায়, ১১ জুলাই সকালে অভিযুক্তরা তাকে বাড়ি থেকে চলে যেতে চাপ দেন এবং মারধর করেন। একপর্যায়ে শাহিনের চাচা পাঞ্জু শেখ তার পেটে লাথি মারেন। এতে তিনি গুরুতর আহত হন এবং রক্তক্ষরণ শুরু হলে স্থানীয়দের সহায়তায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার গর্ভের সন্তান মারা যায়। ওসি আব্দুল্লাহ আল মামুন শাহ জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।








