সময় মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালকদের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। 

একই সঙ্গে, রুলও জারি করেছেন আদালত। রুলে মামলাটির কার্যক্রম কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আগামী ৪ আগস্ট এই মামলার পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করা হয়েছে।

এ সংক্রান্ত বিষয়ে করা এক আবেদনের শুনানি নিয়ে রোববার (১৯ জুলাই) হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির, সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন।

আরও পড়ুন

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়েরের জামিন নামঞ্জুর

আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের তথ্যমতে, সময় মিডিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের প্রতিষ্ঠানের পক্ষে ‘সানী চৌধুরী’ নামের এক ব্যক্তিকে লেটার অব অথরিটি দিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে গত ৯ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।

মামলাটির কার্যক্রম বাতিল চেয়ে সময় মিডিয়া লিমিটেডের পক্ষে প্রধান নির্বাহী কর্মকতা সৈয়দ জোবায়ের আহমেদ হাইকোর্টে আবেদনটি করেন।

এ বিষয়ে আইনজীবী শিশির মনির এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, সময় টেলিভিশনের পক্ষে আহমেদ জোবায়ের (সাবেক এমডি) সানী চৌধুরী নামের একজনকে লেটার অব অথরিটি দিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের একটি মামলা করেন। সময় টেলিভিশন লিমিটেডের চেয়ারম্যানসহ অন্যান্য পরিচালকের বিরুদ্ধে মামলাটি করেন। নিম্ন আদালত মামলাটি আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানাও জারি করেন।

শিশির মনির জানান, পরবর্তীতে টেলিভিশন লিমিটেড কোম্পানি সিদ্ধান্ত নেয় ওই মামলা পরিচালনা করবে না। যেহেতু আহমেদ জোবায়ের সময় টেলিভশনের পক্ষে মামলাটি করেছেন অথচ সময় টেলিভিশন লিমিটেড তাকে কোনো লেটার অব অথরিটি (ক্ষমতা অর্পণ) দেয়নি, কোনো ধরনের মামলার করার জন্য পাওয়ার (ক্ষমতা) দেয়নি। …পরবর্তীতে সময় টেলিভিশন লিমিটেড আদালতে গিয়ে দরখাস্ত দিয়ে বলেছে যে মামলাটি পরিচালনা করবে না, প্রত্যাহার করে নেবে। নিম্ন আদালত এই আবেদন খারিজ করে দেন। সার্বিক পরিস্থিতি নিয়ে ফৌজদারি কার্যবিধির ৫৬১(এ) ধারায় হাইকোর্টে আবেদন করা হয়।

হাইকোর্ট আবেদনের শুনানি নিয়ে কেন ওই মামলার কার্যধারা বাতিল করা হবে না- এ বিষয়ে রুল দিয়েছেন বলে জানান আইনজীবী শিশির মনির। তিনি বলেন, সঙ্গে মামলার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছিলেন দিয়েছেন। আগামী ৪ আগস্ট শুনানির জন্য নির্ধারণ করে দিয়েছেন।

এর আগে সময় মিডিয়ার ৫ কোটি ৩৪ লাখ টাকার বিজ্ঞাপন বিল আত্মসাতের অভিযোগে সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসানসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার সিএমএম আদালত। সময় টেলিভিশনের সাবেক পরিচালক আহমেদ জুবায়ের বাদী হয়ে এই প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলাটি করেছিলেন।

মামলায় ঘটনার তারিখ ও সময় হিসেবে ২০২৪ সালের ১ ও ২ সেপ্টেম্বর থেকে বিভিন্ন সময় এবং সর্বশেষ গত ২১ মে বেলা ৩টা ৫৩ মিনিট এবং ১ জুন বেলা ৩টা ৪১ মিনিট উল্লেখ রয়েছে। যাদের বিরুদ্ধে মামলাটি করা হয়, তারা হলেন সময় মিডিয়া লিমিটেডের সাবেক হেড অব মার্কেটিং মো. আহসানুল ইসলাম, সাবেক সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) আয়েশা সিদ্দিকা, সাবেক চেয়ারম্যান মো. হাসান, সাবেক পরিচালক মো. মোর্শেদুল ইসলাম ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক শম্পা রহমান।

এফএইচ/এমআরএম