ভারতের বেঙ্গালুরুতে প্রেমের সম্পর্ক শেষ করার জেরে অমৃতা নামের এক আইন শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। জানা গেছে, তার সাবেক প্রেমিকের ভাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। হামলার তিন দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত শিক্ষার্থী আইন বিষয়ে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীনভাবে একটি পিৎজার দোকানে কাজ করতেন। গত ১৩ জুলাই বেঙ্গালুরুর কোডিহাল্লি এলাকায় নিজের বাসার কাছে তার ওপর হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, পারিবারিক পরিচয়ের মাধ্যমে অমৃতার সঙ্গে ধনুশ নামের এক যুবকের পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ধনুশ তার বিবাহবিচ্ছেদের বিষয়টি এবং তার একটি সন্তান রয়েছে—এই তথ্য গোপন করেছিলেন বলে জানতে পারেন অমৃতা। এরপর তিনি সম্পর্কটি শেষ করার সিদ্ধান্ত নেন।
তদন্তকারীরা জানান, সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্তের কারণে ধনুশের ভাই সূর্য অমৃতাকে হুমকি দিয়েছিলেন।
অভিযোগ অনুযায়ী, ১৩ জুলাই অমৃতার বাসার কাছে তার সঙ্গে সূর্যের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সূর্য ধারালো অস্ত্র দিয়ে অমৃতার বুকে ও পিঠে একাধিকবার আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
গুরুতর আহত অবস্থায় অমৃতাকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে বুধবার তিনি মারা যান।
পুলিশ অভিযুক্ত সূর্যকে গ্রেফতার করেছে। পাশাপাশি ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক প্রেমিক ধনুশকেও আটক করা হয়েছে।
দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিভি রমন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
সূত্র: এনডিটিভি
এমএসএম








